ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক। বিডি ভিউজ বাংলা
চলতি বছরের শুরুতে লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত এবং তার ক্যামেরাম্যান জয়নাব ফারাজ আহত হওয়ার ঘটনায় ইসরাইলি বিমান হামলাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সংবাদমাধ্যম আল আখবারের সাংবাদিক আমাল খলিল গত ২২ এপ্রিল দক্ষিণ লেবাননের আত-তিরি শহরে ইসরাইলি সামরিক অভিযান নিয়ে প্রতিবেদন করার সময় নিহত হন। ওই ঘটনায় তার ক্যামেরাম্যান জয়নাব ফারাজ আহত হন।
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, জাতিসংঘের লেবানন মিশন ও রেড ক্রসসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তারা ধারণা করছে, ইসরাইলি বাহিনী জানত যে হামলার লক্ষ্যবস্তু ভবনে সাংবাদিকরা অবস্থান করছিলেন।
এইচআরডব্লিউ আরও বলেছে, হামলার পর উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছিল। সংস্থাটির দাবি, এর ফলে খলিল হয়তো তখনও জীবিত থাকা সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এইচআরডব্লিউ-এর গবেষক রামজি কাইস এক বিবৃতিতে বলেন, সংগৃহীত তথ্য থেকে বোঝা যায়, ইসরাইলি সামরিক বাহিনী জানত বা জানার কথা ছিল যে আমাল খলিল ও জয়নাব ফারাজ বেসামরিক নাগরিক এবং সাংবাদিক ছিলেন। তারপরও তাদের ওপর হামলা চালানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, হামলার পর কয়েক ঘণ্টা পর্যন্ত উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেওয়া হয়।
তবে এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা












