আন্তর্জাতিক নিউজ ডেস্ক।বিডি ভিউজ বাংলাঃ
ইউক্রেনের ছোড়া ৬০৫টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতভর মস্কো, কৃষ্ণ সাগরসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে চালানো ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোন হামলা ঠেকাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।
এদিকে, বৃহস্পতিবার সকালে রাশিয়ার ইয়ারোস্লাভল শহরের আকাশে কালো ধোঁয়া দেখা যায়। স্থানীয় গভর্নর মিখাইল এভরায়েভ দাবি করেছেন, গত রাতে ওই অঞ্চলে বড় আকারের ড্রোন হামলা চালানো হয়েছে।
তিনি জানান, ইয়ারোস্লাভল অঞ্চলে ৯২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইয়ারোস্লাভল শহরে রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগার অবস্থিত, যা দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর অংশ।
অন্যদিকে, ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার হামলায় দেশটির বালাক্লিয়া শহরে তিনজন নিহত হয়েছেন। এছাড়া সুমি অঞ্চলে হামলায় ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং দুই দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্রমেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
সূত্র: বিবিসি












