ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ করা ‘খুবই কঠিন’ হয়ে পড়েছে। তবে তার উপস্থিতি ইরানের জন্য বড় ধরনের শক্তি হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘হতাশা’ থেকে ২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিকে হত্যা করে। তাদের ধারণা ছিল, এতে ইরান দুর্বল হয়ে পড়বে। কিন্তু দেশটি তার পথচলা অব্যাহত রেখেছে এবং নতুন নেতৃত্বের অধীনে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, কঠোর নিষেধাজ্ঞা, ব্যাংকিং সীমাবদ্ধতা, বৈদেশিক লেনদেনে বাধা, নৌ অবরোধ ও চলমান সংঘাতের কারণে ইরান বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে।
এদিকে, ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নতুন একটি ব্যবস্থার বিষয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে। প্রস্তাবিত ব্যবস্থায় ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে একটি নতুন একক রুট চালুর পরিকল্পনা রয়েছে।
ইরানি সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা হবে কি না, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন করে তার ওপর।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এর পর থেকেই কৌশলগত এই জলপথ ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে।
সূত্র: সিনহুয়া, ফার্স












