আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
মাজেদ আল-আনসারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তবে মধ্যস্থতাকারীরা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সম্ভাব্য চুক্তির খসড়া আদান-প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, ‘কাতার বিশেষ করে ওমানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করছে। আমরা আশা করছি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি চুক্তি হতে পারে।’
কাতারের এই কর্মকর্তা জানান, উত্তেজনা প্রশমন এবং সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান অব্যাহত রেখেছে দোহা।
হরমুজ প্রণালি নিয়ে আলোচনা
হরমুজ প্রণালি প্রসঙ্গে আল-আনসারি বলেন, কাতারের অবস্থান হলো—এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় খুলে দিতে হবে এবং এটি যেভাবে পরিচালিত হয়ে আসছে, সেভাবেই চালু রাখতে হবে।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। কারণ বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ এই পথ দিয়ে পরিবহন করা হয়। বর্তমানে প্রণালিটি দিয়ে প্রতিদিন মাত্র কয়েকটি জাহাজ চলাচল করতে পারছে।
এর আগে ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ফি দিতে হবে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মানতে রাজি নয়।
আল-আনসারি বলেন, কাতার মনে করে, হরমুজ প্রণালির বিষয়টি আঞ্চলিক পর্যায়েই সমাধান করা উচিত।
সূত্র: আল জাজিরা












