বিডি ভিউজ বাংলা ডেস্ক: সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
শুক্রবার (৭ আগস্ট) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আগামী ১১-১২ আগস্ট সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ ২১.৫৫ মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি কেনা হবে।
সভায় জিটুজি ভিত্তিতে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের দরপ্রস্তাব অনুমোদন করা হয়।
অন্যদিকে, একই বৈঠকে গানভর ইউএসএ এলএলসি থেকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদে এলএনজি কেনার একটি প্রস্তাব উপস্থাপন করা হলেও তা বিবেচনা করা হয়নি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।












