বিডি ভিউজ বাংলা ডেস্ক: রাষ্ট্রসংস্কারের জন্য হওয়া গণভোটের অধিকার সরকার জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৭ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কারের জন্য হওয়া গণভোটের অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তার দাবি, জনগণ দুটি ভোটে অংশ নিলেও একটি ভোটের ফলাফল গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে কোনো সার্বজনীন কর্মসূচি নেই। তার অভিযোগ, অতীতে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছিল, বর্তমান সরকারও জুলাই গণ-অভ্যুত্থানকে দলীয়করণের পথে এগোচ্ছে।
দিল্লিতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, সরকারের যথাযথ কূটনৈতিক উদ্যোগের অভাবেই বিদেশে ওই সংবাদ সম্মেলনের আয়োজন সম্ভব হয়েছে। তার অভিযোগ, ভারত সরকার ওই আয়োজনকে সহায়তা করেছে। এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, সরকার ‘ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনতে আপসকামী’ অবস্থান নিয়েছে। একই সঙ্গে তার দাবি, সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে বৈধতা হারিয়েছে এবং এর ফলে একটি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে।
নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও অতীতের মতো একই ধরনের শাসনব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারে।












