শেখ হাসিনাকে সরকার কেন ফিরিয়ে আনছে না—প্রশ্ন জামায়াত আমির শফিকুর রহমানের
বিডি ভিউজ বাংলা ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার কেন উদ্যোগ নিয়ে দেশে ফিরিয়ে আনছে না—এ প্রশ্ন তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনাকে নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, বন্দী বিনিময় চুক্তি বিদ্যমান থাকলে তাকে ফিরিয়ে আনতে বিলম্ব হচ্ছে কেন, সেটির জবাব সরকারেরই দেওয়া উচিত। তিনি বলেন, “আপনার মতো আমাদেরও দাবি, সরকার নিজ দায়িত্বে তাকে দেশে ফিরিয়ে আনুক। তার বিরুদ্ধে যেসব বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে, সেগুলোর মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়া হোক। তবে বিচার অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, আমরা অন্যায্য কোনো বিচার চাই না।”
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে দলটি রাজনীতিতে ফেরার উপযুক্ত নয়। তার ভাষ্য, অতীতের বিভিন্ন ঘটনার জন্য জনগণের কাছে জবাবদিহি ও অনুশোচনা ছাড়া তাদের রাজনৈতিক কার্যক্রম গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, দেশে গুম, হত্যা ও সহিংসতার অভিযোগগুলোর পূর্ণাঙ্গ বিচার ও জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণের উদ্বেগ দূর হবে না। যারা অতীতে অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা বন্ধে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও জনসেবা খাতে বিভিন্ন সমস্যা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।












