বিডি ভিউজ বাংলা ডেস্ক: দিল্লিতে অনুষ্ঠিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, আলোচিত সংবাদ সম্মেলনটি একটি বেসরকারি সংস্থা বা প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশের বর্তমান সরকার বা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো ভারত সরকারের অবস্থান বা মতামতের প্রতিফলন নয়।
রণধীর জয়সোয়াল বলেন, “ওই অনুষ্ঠানে প্রকাশিত মতামতকে ভারত সরকার সমর্থন করে না এবং এ আয়োজনের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।”
সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আঞ্চলিক পরিস্থিতির আলোকে ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেগুলো জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হচ্ছে।
ভারতের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশে কূটনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।












