বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
হরমুজ প্রণালিতে তেহরানের নতুন নির্দেশনা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের সামরিক মুখপাত্র আমির আকরামিনিয়া। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র এই অবস্থান মেনে না নিলে অতীতের তুলনায় আরও বড় মূল্য দিতে হতে পারে।
আকরামিনিয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় নেই। অন্যথায়, অতীতে যা ভোগ করতে হয়েছে তার চেয়ে অনেক বেশি মূল্য তাদের দিতে হবে।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র চাইলেও হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না।
হরমুজ প্রণালি খুলতে ইরানের শর্ত
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরান বেশ কয়েকটি শর্ত দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র সারদার মোহেবি জানিয়েছেন, প্রণালিটি পুনরায় চালুর বিষয়টি ওমানের সঙ্গে চলমান আলোচনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।
শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না।
পরিষদের সচিব ও আইআরজিসির কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি শর্ত তুলে ধরেছেন।
শর্তগুলোর মধ্যে রয়েছে—
- ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের হুমকি না দেওয়া;
- ইরান ও আঞ্চলিক মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা;
- ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার;
- মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার;
- যুদ্ধের কারণে ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া;
- ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার;
- ইরানের জব্দ করা সম্পদ নিঃশর্তভাবে মুক্ত করা।
ইরানের পক্ষ থেকে এসব শর্ত সামনে আসায় হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর আন্তর্জাতিক জ্বালানি বাজারও গভীরভাবে নির্ভরশীল।
সূত্র: ডন












