Home রাজনীতি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, ১১ দলীয় ঐক্যে প্রার্থী চূড়ান্ত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, ১১ দলীয় ঐক্যে প্রার্থী চূড়ান্ত

0
4
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, ১১ দলীয় ঐক্যে প্রার্থী চূড়ান্ত

জাতীয় | রাজনৈতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবে দলটি। এ লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রার্থী চূড়ান্ত করতে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রার্থী নিয়ে একাধিক নাম আলোচনায়

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। জামায়াতের নেতাদের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার নামও বিবেচনায় রয়েছে।

তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে কোনো সংসদ সদস্যকে না রাখার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। ১১ দলীয় ঐক্যের বৈঠকে জামায়াতের প্রস্তাবিত নামগুলো নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার গুরুত্বপূর্ণ বৈঠক

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে বৈঠকে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হয়।

এরই মধ্যে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র: জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here