Home আন্তর্জাতিক ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই

0
28
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এ নিয়োগের খবর প্রকাশিত হয়েছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় জানিয়েছে, মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন রেজাই। একই সঙ্গে রেজাইকে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিনিধি হিসেবেও জাতীয় নিরাপত্তা কাউন্সিলে নিয়োগ দেওয়া হয়েছে।

মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির কমান্ডার ছিলেন। ইরান-ইরাক যুদ্ধের দীর্ঘ সময় তিনি এই বাহিনীর নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে তিনি ইরান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং দেশটির নিরাপত্তা ও রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিতি পান।

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি এখন গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যু। রেজাই অতীতেও এই প্রণালির নিয়ন্ত্রণকে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছেন।

তার নতুন দায়িত্ব গ্রহণ এমন এক সময়ে হলো, যখন হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ঘিরে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। আলজাজিরার বিশ্লেষণেও রেজাইয়ের নিয়োগকে চলমান হরমুজ আলোচনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে।

অন্যদিকে, রেজাইয়ের পূর্বসূরি জুলঘাদর এখন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

রেজাইয়ের নিয়োগে ইরানের জাতীয় নিরাপত্তা নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনই নিশ্চিত নয়। তবে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে একজন সাবেক আইআরজিসি কমান্ডারের দেশের শীর্ষ নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ পদে ফিরে আসা বিশেষ তাৎপর্য বহন করছে।

সূত্র: এএফপি, রয়টার্স, আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here