আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
📌 প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:২৬
📌 আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৯:২৬
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের কোটামোবাগু শহরে ড্র্যাগ রেসিং প্রতিযোগিতা চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি দর্শকদের ওপর উঠে গেলে ৮ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কমপাস টিভির প্রতিবেদনের বরাতে জানা গেছে, রোববার আয়োজিত প্রতিযোগিতায় ফিনিশিং লাইন অতিক্রম করার পর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ওপর উঠে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ড্র্যাগ রেসিং প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় গাড়িটির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় মোট ৩৩৭টি গাড়ি নিবন্ধিত হয়েছিল।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
📌 সূত্র: আনাদোলু
আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা












