Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

0
31
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচলের রুট নির্ধারণে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান।

শনিবার (১৫ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দীর্ঘ কারিগরি আলোচনার পর দুই দেশ নিরাপদে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুটের মানচিত্র নিয়ে একমত হয়েছে।

তবে হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি চালু করতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক হুমকি বন্ধের শর্ত দিয়েছে তেহরান।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, হরমুজ প্রণালির তীরবর্তী ইরান ও ওমান গত তিন মাস ধরে এ বিষয়ে আলোচনা চালিয়ে আসছে। নিরাপদ নৌ চলাচলের পথ নির্ধারণে গত ১৮ জুন দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এর ধারাবাহিকতায় পরবর্তী সময়ে কারিগরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসমাইল বাঘাই বলেন, “যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের রুটের মানচিত্র নিয়ে একটি সমঝোতা হয়েছে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক কর্তৃপক্ষের সমন্বয়ে নিরাপদ নৌপথের পরিকল্পনা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

তবে পুরো প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। তেহরান ও মাসকাটের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। চুক্তি ও সংশ্লিষ্ট প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত দুই দেশের যোগাযোগ অব্যাহত থাকবে।

বাঘাই বলেন, ইরান ও ওমানের এই সমঝোতা দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে স্বাধীনভাবে সম্পাদিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো সমুদ্রপথে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা।

তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করার বিষয়টি যুক্তরাষ্ট্রের ভূমিকার ওপর নির্ভর করছে বলে জানিয়েছে তেহরান। ইরানের দাবি, ওয়াশিংটনকে নৌ অবরোধ, সামরিক হুমকি ও কথিত অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে। পাশাপাশি গত দুই মাসে যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করছে ইরান।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালির জন্য নতুন একটি নৌ-কাঠামো তৈরির দায়িত্ব তেহরান ও মাসকাটকে দেওয়া হয়েছিল। ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোলেও ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ও দায়িত্ব যথাযথভাবে পালন করলেই কৌশলগত এই সমুদ্রপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করার বিষয়ে অগ্রসর হওয়া সম্ভব।

📌 সূত্র: তুর্কি বার্তাসংস্থা আনাদোলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here