আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীকে ‘সম্পূর্ণ পরাজিত’ না করা পর্যন্ত পিছু হটবে না বলে অঙ্গীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দিদের দেশে ফেরার বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ অঙ্গীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।
বিবৃতিতে বলা হয়, প্রতিরোধের ঐতিহ্য ইরানের নতুন প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়েছে। এই প্রজন্ম বিশ্বের সবচেয়ে সুসজ্জিত সামরিক বাহিনী হিসেবে বর্ণিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করা হয়।
ইরানের সামরিক বাহিনী বলেছে, ‘শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত’ নিজেদের ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাবে তেহরান।
ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি দেশটির জনগণের সমর্থনের প্রশংসা করা হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আগ্রাসন ও আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইরান।
বিবৃতিটি এমন সময়ে এলো, যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র অবস্থায় রয়েছে। তেহরানের এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
📌 সূত্র: আল জাজিরা












