আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬
সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বিমান প্রতিরক্ষাকাঠামো তৈরি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, নতুন কাঠামোয় কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, প্রশিক্ষণ এবং যুদ্ধকৌশলে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে সরঞ্জাম ও প্রযুক্তিগত কার্যপ্রণালিতেও সংস্কার করা হয়েছে।
ওই কর্মকর্তা দাবি করেন, ইরান আগের প্রচলিত বা ‘ক্লাসিক্যাল’ আকাশ প্রতিরক্ষা মডেল থেকে সরে এসে আরও সমন্বিত একটি কাঠামোর দিকে এগিয়েছে।
নতুন ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে তথ্য সংগ্রহ, তথ্য আদান-প্রদান এবং সংগৃহীত তথ্য ব্যবহারের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
তার দাবি, এসব পরিবর্তনের ফলে সাম্প্রতিক সংঘাতের সময় ইরান আরও বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, আগের সংঘাতগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ করে নতুন এই কাঠামো তৈরি করা হয়েছে। তবে ইরানের এসব সামরিক দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
📌 সূত্র: আল জাজিরা












