নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, সকাল ১১:৫৫
আপডেট: ১৭ আগস্ট ২০২৬, সকাল ১১:৫৫
কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এরপর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান।
পরে ভয়াবহ আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। সব যাত্রী নিরাপদে বের হতে পারলেও আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। পুরো বাসটি পুড়ে গেছে বলে জানান তিনি।
আরেক প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, আগুন দেখে তিনি দ্রুত মহাসড়কে ছুটে যান। বাসের যাত্রীরা নিরাপদে বের হতে পারলেও মুহূর্তের মধ্যে পুরো বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় তেমন কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক












