জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
📅 প্রকাশের তারিখ: ১৭ আগস্ট ২০২৬
🔄 আপডেট: ১৭ আগস্ট ২০২৬
গুম, খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ‘ভগ্নস্তূপের’ ওপর দাঁড়িয়ে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি। চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ।’ তার অভিযোগ, বিগত সরকারের সময়ে মানুষের জানমালের নিরাপত্তা ছিল না এবং ভিন্নমত পোষণ করলেই গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হতো।
দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। পাশাপাশি সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে লুটপাট এবং মেগা প্রকল্পের নামে ‘মেগা দুর্নীতি’ হয়েছে বলে দাবি করেন তিনি।
রিজভী বলেন, ৫ আগস্টের পরিবর্তনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম দিন থেকেই কাজ করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জনগণের স্বস্তি ফেরানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দুর্যোগ ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে উন্নয়ন কর্মকাণ্ডের গতি কিছুটা মন্থর হলেও সরকার দমে যায়নি। সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে।
📌 সূত্র: দৈনিক ইত্তেফাক












