বিডি ভিউজ বাংলা | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০২৬
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। হামলাটিকে ‘উসকানিমূলক’ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইদলিবের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
বিবৃতিতে সিরিয়ার প্রতি ‘অটল সংহতি’ প্রকাশ করে পাকিস্তান দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, শান্তি ও সমৃদ্ধির প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি বাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাশাপাশি আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছে দেশটি।
ইদলিবে আটটি বিমান হামলার দাবি
এর আগে মঙ্গলবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান ইদলিবের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে আটটি বিমান হামলা চালায় বলে জানা গেছে। এতে বিমানঘাঁটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির দাবি, এ ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন দূত থমাস ব্যারাকও ইসরায়েলি হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোনো ইতিবাচক ভূমিকা রাখে না।
সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা নিয়ে আঞ্চলিক দেশগুলোর উদ্বেগের মধ্যেই পাকিস্তানের এই কড়া প্রতিক্রিয়া এলো।
সূত্র: আনাদোলু এজেন্সি












