বিডি ভিউজ বাংলা | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০২৬
তেহরানে দুই ফরাসি কূটনীতিককে আটকের পাল্টা জবাব হিসেবে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।
বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট। তিনি জানান, তেহরানে ফরাসি কূটনীতিকদের সঙ্গে ইরান সরকারের আচরণ ‘অসহনীয়’ এবং এর পরিণতি ইরানকে ভোগ করতে হবে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ইরানে আটক দুই ফরাসি কূটনীতিকের মধ্যে একজন সাংস্কৃতিক অ্যাটাশে ছিলেন। তাদের আটকের ঘটনায় পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের দুই কূটনীতিককে ফ্রান্স থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সাংস্কৃতিক প্রকল্প নিয়ে বৈঠকের পর আটক
গত জুলাইয়ের মাঝামাঝি ইরানি নাগরিক আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌয়ের সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে ফ্রান্সের দুই কূটনীতিকের বৈঠক হয়।
এরপর ১৯ জুলাই ইরানি আইনশৃঙ্খলা বাহিনী ওই দুই ফরাসি কূটনীতিক এবং দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তারা ‘নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার’ আড়ালে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছিলেন।
পরে দুই ফরাসি কূটনীতিককে মুক্তি দিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। তবে তাদের ভবিষ্যতে ইরানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে আটক দুই ইরানি শিল্পীর বর্তমান অবস্থান বা তাদের বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্তের তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।
ফ্রান্সের পাল্টা বহিষ্কারের সিদ্ধান্তে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: এএফপি












