Home রাজনীতি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে নেতাকর্মীদের বিদায় জানালেন মির্জা ফখরুল

‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে নেতাকর্মীদের বিদায় জানালেন মির্জা ফখরুল

0
4
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে নেতাকর্মীদের বিদায় জানালেন মির্জা ফখরুল

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
আপডেট: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার

বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক স্ট্যাটাসে তিনি শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ স্লোগান লিখে সহযোদ্ধাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান।

স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, প্রিয় নেতৃবৃন্দের কাছ থেকে তাঁর সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসে গেছে। শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিচ্ছেন উল্লেখ করে তিনি নিজেকে ‘আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ হিসেবে পরিচয় দেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন তাঁর এমন বিদায়ী বার্তা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে আবেগাপ্লুত

বুধবার দিনভর বিভিন্ন রাষ্ট্রীয় ও দলীয় কার্যক্রমে অংশ নেন মির্জা ফখরুল। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থিত থাকার পর বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে যোগ দেন তিনি।

বৈঠকে দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। বক্তব্যের একপর্যায়ে তিনি ফুঁপিয়ে কেঁদে ফেলেন। এ সময় তিনি নেতাকর্মীদের কাছে দোয়া চান এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত ওই সভায় মির্জা ফখরুলের আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে।

ভুলের জন্য ক্ষমা চাইলেন

বিএনপিতে যোগদানের পর সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল।

দায়িত্ব পালনকালে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা চান। পাশাপাশি দল তাঁকে যে মর্যাদা ও আস্থা দিয়েছে, জীবন দিয়ে হলেও তার সম্মান রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবেন না বলেও জানান তিনি। বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের অভাব অনুভব করবেন উল্লেখ করে সবার শুভকামনা কামনা করেন মির্জা ফখরুল।

আজ রাষ্ট্রপতি নির্বাচন

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সংসদ ভবনের নির্ধারিত কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদে রাজনৈতিক শক্তির সমীকরণে মির্জা ফখরুল সুবিধাজনক অবস্থানে রয়েছেন। প্রাথমিক হিসাবে তাঁর পক্ষে ২৪৭ জন এবং অলি আহমদের পক্ষে ৯০ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে।

গত ১৩ আগস্ট বিএনপি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেয়। এরপর থেকেই দলীয় দায়িত্ব ছেড়ে রাষ্ট্রপতি হওয়ার প্রক্রিয়া শুরু হয় তাঁর।

টানা এক দশকের বেশি সময় বিএনপির মহাসচিব হিসেবে দলটির আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া এবং প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের পর রাষ্ট্রপতি নির্বাচন তাঁর দীর্ঘ দলীয় অধ্যায়ের সমাপ্তি ঘটাতে যাচ্ছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here