নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। একই সঙ্গে আগামী বছর ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালু এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে শিগগিরই ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা জানান নবনিযুক্ত বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের সফট ওপেনিং
মন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের সফট ওপেনিংয়ের পরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
টার্মিনাল পরিচালনার বিষয়ে একটি জাপানি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরের মধ্যে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
থার্ড টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। এর ফলে বিমানবন্দরের দীর্ঘদিনের সক্ষমতা সংকট কমার পাশাপাশি আন্তর্জাতিক যাত্রীসেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে।
আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট
নতুন সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগের কথাও জানিয়েছেন বিমানমন্ত্রী।
তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে কাজ চলছে।
ঢাকা-নিউইয়র্ক সরাসরি বিমান যোগাযোগ চালু হলে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দীর্ঘ ট্রানজিটের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।
বিমানের বহরে যুক্ত হবে ১০ লিজকৃত উড়োজাহাজ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সক্ষমতা বাড়াতে শিগগিরই বহরে ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথাও জানান এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, ‘বিমানের বহরে শিগগিরই ১০টি লিজকৃত বিমান যুক্ত করতে পারব বলে আশা রাখছি।’
এসব উড়োজাহাজ বহরে যুক্ত হলে বিদ্যমান রুটে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন আন্তর্জাতিক রুট সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সমন্বয়হীনতা দূর করার উদ্যোগ
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন নতুন বিমানমন্ত্রী।
কাজের গতি বাড়াতে সপ্তাহে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিমান পরিবহন খাতে সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রীসেবার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।












