Home জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে ক্ষোভ, দুঃখ প্রকাশের দাবি শফিকুর রহমানের

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে ক্ষোভ, দুঃখ প্রকাশের দাবি শফিকুর রহমানের

0
1
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে ক্ষোভ, দুঃখ প্রকাশের দাবি শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে আসছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

ডা. শফিকুর রহমান বলেন, “সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে, সেদিন থেকেই তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কী মনে করেন আমি বুঝতে পারি না।”

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে শিক্ষকের ভূমিকা পালন করবেন—এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, “আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই।”

তিনি আরও বলেন, “শিক্ষকতা করতে হলে উনি একটা ইউনিভার্সিটি খুলুন। ওখানে যার পছন্দ হবে গিয়ে ভর্তি হবে, উনার লেকচার শুনবে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “এইটা কালচালার না, এটা পার্লামেন্টারি ফ্যাসিজম। এটা হওয়া উচিত না।”

তিনি সংসদের সৌন্দর্য ও মর্যাদা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি তাঁর বক্তব্য কার্যপ্রণালি থেকে বাদ দেওয়ার দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “এই পার্লামেন্টের সৌন্দর্যবিধানের জন্য ওনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জ করতে হবে। যদি এটা করে তাহলে আমরা বসব।”

এ সময় সংসদে বক্তব্যের স্বাধীনতা ও পরমতসহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই বসে। সংসদে কথা বলার স্বাধীনতা দিতে হবে এবং একজন মন্ত্রীকেও তাঁর বক্তব্য শেষ করার সুযোগ দিতে হবে।

স্পিকার আরও বলেন, বিরোধীদলীয় নেতা যে অভিযোগ করেছেন, তা খতিয়ে দেখা হবে। কোনো বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে তা কার্যপ্রণালি থেকে বাদ দেওয়া হবে। তবে সংসদ সদস্যদের প্রতি পরমতসহিষ্ণু থাকার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here