নিজস্ব প্রতিবেদক | BD Views Bangla
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শাসকরা শুধু ইরান বা ইসলামি প্রতিরোধের শত্রু নয়, তারা পুরো মুসলিম উম্মাহর শত্রু।
রোববার (৩০ আগস্ট) ‘ইসলামি ঐক্য সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর নেতাদের ‘প্রকৃত শত্রু’ চিহ্নিত করে তাদের পরিকল্পনা মোকাবিলার আহ্বান জানান।
মুসলিম ঐক্যের আহ্বান
খামেনি বলেন, মুসলিম উম্মাহর বিভিন্ন সমস্যার সমাধানের অন্যতম পথ হলো ঐক্য, পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা। ধর্মীয় ও মতাদর্শগত পার্থক্যের পাশাপাশি জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক বিভেদকে কাজে লাগিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
বিশেষ করে পশ্চিম এশিয়া ও উপসাগরীয় দেশগুলোর নেতাদের উদ্দেশে তিনি প্রকৃত শত্রুকে চিহ্নিত করে তার পরিকল্পনা বুঝতে এবং তা মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
খামেনির ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিম ঐক্য ও বন্ধুত্বের ‘শপথকৃত শত্রু’। তাদের লক্ষ্য শুধু ইরান নয়, পুরো ইসলামি বিশ্বের ঐক্যকে দুর্বল করা—এমন অভিযোগও করেন তিনি।
‘বিভেদকে কাজে লাগানো হচ্ছে’
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিভেদকে কাজে লাগিয়ে তাদের দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সংহতি আরও জোরদার করা প্রয়োজন।
তিনি দাবি করেন, ইরানে মুসলিম ঐক্যের একটি সফল দৃষ্টান্ত রয়েছে এবং সেখানে শত্রুদের বিভাজন সৃষ্টির প্রচেষ্টা প্রত্যাশিত মাত্রায় সফল হয়নি।
সূত্র: আনাদোলু, রয়টার্স ও প্রেস টিভি















