Home রাজনীতি ‘প্রশাসনের একাংশ সরকারকে ব্যর্থ করতে তৎপর, সামনে ঘোর অন্ধকার’

‘প্রশাসনের একাংশ সরকারকে ব্যর্থ করতে তৎপর, সামনে ঘোর অন্ধকার’

0
5
‘প্রশাসনের একাংশ সরকারকে ব্যর্থ করতে তৎপর, সামনে ঘোর অন্ধকার’

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ৩১ আগস্ট ২০২৬

প্রশাসনের একটি প্রভাবশালী অংশ বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে তৎপর হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন।

শাহাদাত হোসেন সেলিম বলেন, দায়িত্বজ্ঞানহীন এই চক্রকে দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে সামনে আরও ‘ঘোর অন্ধকার’ অপেক্ষা করছে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি জানান, গত শুক্রবার রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর পর্যন্ত প্রায় ৩২ ঘণ্টা তীব্র যানজট ছিল। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। যানজটে অ্যাম্বুলেন্স আটকে রোগীর মৃত্যুর ঘটনা এবং সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে অনেক প্রবাসীর ফ্লাইট মিস করার ঘটনাও ঘটে বলে তিনি উল্লেখ করেন।

এই পরিস্থিতির কারণ অনুসন্ধানে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান কুমিল্লা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ এবং সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেন বলে জানান তিনি।

শাহাদাত হোসেন সেলিমের দাবি, সভায় এত বড় জনদুর্ভোগের পরও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট অনুশোচনা ও দায়বদ্ধতা দেখা যায়নি।

তিনি বলেন, সেতু সংস্কারসহ গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নকাজের আগে গণবিজ্ঞপ্তি, সংবাদমাধ্যম, টেলিভিশন স্ক্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম প্রচারণা চালানো হলে সাধারণ মানুষ বিকল্প পথ ব্যবহার করতে পারতেন এবং ভয়াবহ যানজট এড়ানো সম্ভব হতো।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়হীনতা ও জবাবদিহির অভাবকে উদ্বেগজনক উল্লেখ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, জনদুর্ভোগ সৃষ্টি ও দায়িত্বহীনতার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এর আগে গত আগস্টে দেওয়া আরেক ফেসবুক পোস্টে শাহাদাত হোসেন সেলিম প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন।

সূত্র: আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here