Home সর্বশেষ সংবাদ উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

0
4
উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তবে এসব ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়ার বালুখালী সীমান্তসংলগ্ন ফাইসা খাল ও নারিকেলবাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, রাত ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল ফাইসা খাল এলাকায় মিয়ানমার থেকে নৌকাযোগে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে।

বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে নৌকাটি তল্লাশি করে এর নিচে একটি বাক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এরপর রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিজিবি সদস্য ও উখিয়া থানা-পুলিশের একটি যৌথ দল নারিকেলবাগান এলাকায় অভিযান চালায়। সেখানে একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে দ্বিতীয় অভিযানেও মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here