Home সারাদেশ মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬; আটক ১

মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬; আটক ১

0
2
মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬; আটক ১

সারা দেশ | মাদারীপুর প্রতিনিধি | বিডি ভিউজ বাংলা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ PM
সর্বশেষ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ PM

বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই উড়ে যায় একটি বাড়ির টিনের চালের অংশ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে স্থানীয়রা জানতে পারেন, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ইতালি প্রবাসী ও স্থানীয় যুবদল নেতা রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা তৈরির কাজ চলছিল। বোমা তৈরির একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়।

এ সময় সেখানে অবস্থানরত অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকনের নাম জানা গেছে। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, বিস্ফোরণের পর আহতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে তাদের অবস্থান ও চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে বলে জানা গেছে।

এলাকায় উত্তেজনা

বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, চলমান বিরোধকে কেন্দ্র করে এলাকায় আরও সহিংসতার ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে বাইরে থেকে বোমা তৈরির কারিগর এনে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরি করা হচ্ছিল। তবে ঘটনার সময় রাজ্জাক মোল্লা এলাকায় না থাকায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: স্থানীয় সূত্র ও মাদারীপুর সদর থানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here