Home জাতীয় প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

0
11
প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৪ হাজার নতুন শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন শিক্ষক পদায়নের পর বদলি চালুর পরিকল্পনা

ববি হাজ্জাজ বলেন, নতুন শিক্ষকদের নিয়োগ ও পদায়ন শেষ হওয়ার পর আবার বদলি কার্যক্রম চালু করা হবে। তবে তখন বর্তমান বদলি নীতিমালা বহাল থাকবে, নাকি নতুন কোনো ব্যবস্থায় বদলি কার্যক্রম পরিচালিত হবে—তা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, আগামী বছর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে।

এ ছাড়া উপবৃত্তিসহ প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয়েও সরকার নজর দিচ্ছে বলে জানান তিনি। উপবৃত্তির ক্ষেত্রে ভবিষ্যতে আর্থিক প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনার উদ্যোগ

প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করার পাশাপাশি বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ।

তিনি বলেন, সরকারের উন্নয়ন দর্শনে শিক্ষা ও কর্মদক্ষতার সমন্বয়, প্রযুক্তির ব্যবহার এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সাক্ষরতার হার ৭৮.৯৮ শতাংশ

প্রতিমন্ত্রী জানান, শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য অনুযায়ী দেশে ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৮ দশমিক ৯৮ শতাংশ।

তবে এখনো বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের একটি অংশ কাঙ্ক্ষিত শিক্ষা ও দক্ষতার সুযোগের বাইরে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, মানুষের সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নই সরকারের শিক্ষা-দর্শনের মূলকথা।

সূত্র: দৈনিক আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here