Home সর্বশেষ সংবাদ দক্ষিণ কোরিয়াকে ইরানের কড়া হুঁশিয়ারি: পারস্য উপসাগরে সেনা পাঠালে ‘বড় মূল্য’ দিতে...

দক্ষিণ কোরিয়াকে ইরানের কড়া হুঁশিয়ারি: পারস্য উপসাগরে সেনা পাঠালে ‘বড় মূল্য’ দিতে হবে

0
7
দক্ষিণ কোরিয়াকে ইরানের কড়া হুঁশিয়ারি: পারস্য উপসাগরে সেনা পাঠালে ‘বড় মূল্য’ দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬

পারস্য উপসাগর বা হরমুজ প্রণালিতে সেনা পাঠালে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দিলে দক্ষিণ কোরিয়াকে বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোরিয়ান ভাষায় দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বাঘাই বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে দক্ষিণ কোরিয়ার কোনো সামরিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সরাসরি সমর্থন হিসেবে বিবেচনা করবে তেহরান।

তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, গত ৬৪ বছর ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে এবং তেহরান এ সম্পর্ককে সবসময় সম্মান করেছে।

তবে বর্তমান পরিস্থিতিতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও সতর্ক করেন বাঘাই। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে বলে তেহরান অভিযোগ করছে, তখন দক্ষিণ কোরিয়া যদি পারস্য উপসাগর বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সেনা পাঠায়, তাহলে সিউলকে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সরাসরি সমর্থক হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, কোনো আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল দেশেরই যুক্তরাষ্ট্রের চাপের কারণে অন্য একটি দেশের ওপর অন্যায় সামরিক অভিযানে জড়ানো উচিত নয়।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে দক্ষিণ কোরিয়া যেন ইরান-সংক্রান্ত সামরিক সংঘাতে জড়িয়ে না পড়ে—এমন সতর্কবার্তাই দিয়েছে তেহরান।

সূত্র: মেহের নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here