Home জাতীয় টেকনাফ সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২

টেকনাফ সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২

0
8
টেকনাফ সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২

অনলাইন নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় আনুমানিক ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা বিওপির স্লুইচ গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার বড় চালানটি উদ্ধার করে ৬৪ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে হ্নীলা সীমান্ত এলাকায় বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে তথ্য পাওয়া যায়। এরপর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং টহল জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার দিনের বেলায় জেলের ছদ্মবেশে দুই ব্যক্তি নৌকাযোগে হ্নীলা বিওপির স্লুইচ গেট এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির বিশেষ টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

নৌকার সঙ্গে পানিতে ভাসছিল বস্তা

আটকের পর নৌকায় তল্লাশি চালিয়ে প্রথমে কোনো মালামাল পাওয়া যায়নি। পরে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা।

বস্তাগুলো উদ্ধার করে খুললে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪০টি কার্টনে মোট ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর অভিযান অব্যাহত রয়েছে। আগামী দিনে সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আটক দুজন

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জয়ঘর দাস (৫০), পিতা গোপাল দাস, জেলেপাড়া; এবং মোহাম্মদ হোসাইন (২০), পিতা মো. শফিক, ফুলের ডেইল।

তারা দুজনই হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

৯ মাসে উদ্ধার ১ কোটি ৪৩ লাখ ইয়াবা

বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জনকে আটক করা হয়েছে।

এর আগে গত ৩ ও ৪ সেপ্টেম্বর হ্নীলার ওয়াব্রাং এলাকা দিয়ে রাতে ইয়াবার দুটি ছোট চালান পাচারের চেষ্টা করা হয়। ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে দুজনকে আটক এবং ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।

সূত্র: বিজিবি ও আমার দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here