নতুন যুদ্ধ হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের
প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগর পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান আলী মোহাম্মাদি।
শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে মার্কিন জাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানো হবে এবং সেগুলো ধ্বংস করা হবে—এমনকি ভারত মহাসাগরেও।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেন মোহাম্মাদি। তিনি বলেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে চলাচলকারী জাহাজগুলো আইআরজিসি নৌবাহিনীর নজরদারির আওতায় রয়েছে।
যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে, তাহলে সেখানে একটি মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে আসার আহ্বানও জানান তিনি।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশের পর মোহাম্মাদি এসব মন্তব্য করেন।
আইআরজিসির এই কর্মকর্তা আরও বলেন, সম্ভাব্য শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী নতুন কৌশল, সরঞ্জাম ও পরিচালন পদ্ধতি গ্রহণ করে প্রস্তুত রয়েছে।
তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতের ফলে পশ্চিম এশিয়ায় বিদেশি শক্তিগুলোর সামরিক উপস্থিতি কমে আসবে এবং পারস্য উপসাগরকে বিদেশি আধিপত্যমুক্ত করার লক্ষ্য বাস্তবায়িত হবে।













