Home আন্তর্জাতিক গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর

গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর

0
4

গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ আপডেটের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রবিবার আবুধাবিতে এ সফর অনুষ্ঠিত হয় বলে ইসরায়েলের চ্যানেল ১২ ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার দুপুরের পর একটি বেসরকারি বিমানে আবুধাবির উদ্দেশ্যে রওনা হন নেতানিয়াহু। বিকেল ৩টা ১০ মিনিটে সেখানে পৌঁছে প্রায় চার ঘণ্টা অবস্থান করেন তিনি।

তবে বৈঠকের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়, আমিরাতের দূতাবাস কিংবা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৭ অক্টোবরের হামলা নিয়ে আগাম সতর্কবার্তার দাবি

সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এক প্রতিবেদনে দাবি করে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরিকল্পনা সম্পর্কে ঘটনার দেড় সপ্তাহ আগেই নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ। তবে সেই সতর্কবার্তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কাছে পৌঁছায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নেতানিয়াহু ওই প্রতিবেদন অস্বীকার করে সংবাদপত্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে, হামাসের ৭ অক্টোবরের হামলার আগে ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতার জন্য বিরোধী দলের নেতারা নেতানিয়াহুকে দায়ী করে আসছেন।

আগেও গোপন বৈঠকের খবর

চলতি বছরের মে মাসে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছিল, তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তবে আমিরাত তখন এমন বৈঠকের খবর অস্বীকার করে।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স, ইসরায়েলের চ্যানেল ১২ ও হারেৎজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here