ককপিটে দুই পাইলটের মারামারি, ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই
আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ১ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ১ অক্টোবর ২০২৬
মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ককপিটে পাইলটদের মধ্যে সংঘর্ষের পর ১৭৪ যাত্রী নিয়ে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজটির ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে অন্য ক্রুরা ফ্লাইট ডেকের নিয়ন্ত্রণ নিশ্চিত করেন এবং উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত চলাকালে ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঘটনার মূল কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে। যাত্রী, ক্রু ও উড়োজাহাজের নিরাপত্তাই সংস্থাটির সর্বোচ্চ অগ্রাধিকার।
সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার জানিয়েছে, ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাবিধি লঙ্ঘিত হয়েছে কি না এবং পাইলটদের মধ্যে সংঘর্ষের কারণ কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে রাখা হয়। পরে ফ্লাইদুবাই একটি বিকল্প উড়োজাহাজ পাঠালে যাত্রীরা গন্তব্যের উদ্দেশে রওনা হন।
ঘটনায় ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হয়েছেন এবং অবতরণের পর তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে উড়োজাহাজে থাকা যাত্রী ও অন্যান্য কেবিন ক্রুরা নিরাপদ ছিলেন।
ফ্লাইদুবাই জানিয়েছে, তদন্তে নতুন তথ্য পাওয়ার পর ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। আকস্মিক ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের অসুবিধার জন্যও দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
সূত্র: আনাদোলু













