প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ফেনী সফরে তারেক রহমান
জাতীয় ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ১ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে রওনা হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানী অতিক্রম করছে। ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তার মা, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এদিন দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন তিনি।
এর আগে, গত ২৫ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।
সূত্র: দৈনিক ইত্তেফাক














