৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন করেছে এনসিপি
জাতীয় ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ১ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ১ অক্টোবর ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের সব ৫০০ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।
বুধবার দলের সাংগঠনিক অগ্রগতির বিষয়ে এ তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি জানান, ঢাকা দুই মহানগর বাদে দেশের অন্য ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
সারজিস আলম বলেন, উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০ উপজেলাতেই এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পৌরসভা পর্যায়েও কমিটি গঠনের কাজ চলছে।
তিনি আরও জানান, আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপি।
দলটির সাংগঠনিক বিস্তারের অংশ হিসেবে উপজেলা, মহানগরের থানা ও পৌরসভা পর্যায়ে ধারাবাহিকভাবে আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সূত্র: এনসিপি














