Home আন্তর্জাতিক পাকিস্তানের জে-৩৫ সংগ্রহের পরিকল্পনা, উদ্বিগ্ন ভারত

পাকিস্তানের জে-৩৫ সংগ্রহের পরিকল্পনা, উদ্বিগ্ন ভারত

0
3
পাকিস্তানের জে-৩৫ সংগ্রহের পরিকল্পনা, উদ্বিগ্ন ভারত

পাকিস্তানের জে-৩৫ সংগ্রহের পরিকল্পনা, উদ্বিগ্ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ৪ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ৪ অক্টোবর ২০২৬

চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে পাকিস্তান। চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমান পাকিস্তানের হাতে গেলে তা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।

তবে পাকিস্তান জে-৩৫ সংগ্রহ করলেও তা মোকাবিলার প্রয়োজনীয় সক্ষমতা ভারতীয় বিমানবাহিনীর রয়েছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার ভারতের ৯৪তম বিমানবাহিনী দিবস উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এয়ার চিফ মার্শাল এ পি সিং। আগামী ৮ অক্টোবর ভারতে বিমানবাহিনী দিবস পালিত হবে।

ভারতীয় বিমানবাহিনী প্রধান জানান, যুদ্ধবিমান স্কোয়াড্রনের সংখ্যা বাড়াতে বছরে ৩৬ থেকে ৪০টি যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে ভারত। এ জন্য তেজস এমকে-১এ, তেজস এমকে-২, রাফাল এবং ভবিষ্যতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) নিয়ে বিমানবাহিনীর বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে দূরপাল্লার আকাশযুদ্ধ সক্ষমতা বাড়াতে অ্যাস্ট্রা এমকে-১, এমকে-২ ও এমকে-৩ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উৎপাদন চলছে। অ্যাস্ট্রা এমকে-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫০ কিলোমিটারের বেশি হতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া রাশিয়ার আর-৩৭এম এবং ফ্রান্সের মেটিওর ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়ও ভারত বিবেচনা করছে বলে জানান এয়ার চিফ মার্শাল এ পি সিং।

তিনি আরও বলেন, প্রতিপক্ষ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করলে ভারতেরও দ্রুত এএমসিএ কর্মসূচি এগিয়ে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

পাকিস্তানের সম্ভাব্য জে-৩৫ সংগ্রহকে ঘিরে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ও সামরিক ভারসাম্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here