Home আন্তর্জাতিক ইরানের হামলার শঙ্কা: যুক্তরাজ্য থেকে ১২টি বি-১ বোমারু বিমান ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ইরানের হামলার শঙ্কা: যুক্তরাজ্য থেকে ১২টি বি-১ বোমারু বিমান ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

0
5
ইরানের হামলার শঙ্কা: যুক্তরাজ্য থেকে ১২টি বি-১ বোমারু বিমান ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ইরানের হামলার শঙ্কা: যুক্তরাজ্য থেকে ১২টি বি-১ বোমারু বিমান ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৫ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ৫ অক্টোবর ২০২৬

ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে ১২টি বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহান্তে বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে ওই বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা কয়েকজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সম্ভাব্য হামলার হুমকি সম্পর্কে যুক্তরাজ্যকে আগাম গোয়েন্দা তথ্য দিয়েছিল ইসরায়েল।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রে তাদের মূল ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে সামরিক অভিযানের নিরাপত্তার কারণে বাহিনী ও সামরিক সরঞ্জামের গতিবিধি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়।

পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, বি-১, বি-২ ও বি-৫২—এই তিন ধরনের মার্কিন বোমারু বিমান বিশ্বজুড়ে নির্ভুলভাবে হামলা চালানোর সক্ষমতা বজায় রেখেছে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেই অভিযান পরিচালনা ও শেষ করার সক্ষমতাও রয়েছে তাদের।

গত মার্চে ইরানে ‘সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক অভিযান’ পরিচালনার জন্য ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাজ্য। এরপর থেকে ঘাঁটিটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমানসহ বিভিন্ন সামরিক উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ চলছিল।

সূত্র: পেন্টাগনের বিবৃতি ও সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদন
ছবি: এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here