ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় সেকান্দার আলী (৭২) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সেকান্দার আলীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিকেল পৌনে ৫টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. রোকন উদ্দিন জানান, তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় হলেও বর্তমানে পরিবারটি রাজধানীর ভাটারা এলাকায় বসবাস করছিল।
তিনি অভিযোগ করেন, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি তার বাবাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।










