আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইরানে টানা অষ্টম রাতের মতো সামরিক হামলার খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আঘাতের আনুষ্ঠানিক প্রমাণ পাওয়ার কথা জানাননি।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত তিন থেকে পাঁচটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। পরে সংস্থাটি জানায়, দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, হামলায় আহত চার সেনাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত কয়েকজন সেনা প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন।
সূত্র: আইআরএনএ, তাসনিম, সেন্টকম










