স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, দেশের মানুষ গণতন্ত্র ও সংস্কারের পক্ষে গণভোটের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু বিএনপি সেই গণভোটের রায় মেনে নিতে চায় না।
শনিবার (১৮ জুলাই) দিনাজপুরের ফুলবাড়ীতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের অবস্থান গণভোটের মাধ্যমে ব্যক্ত করেছিল। কিন্তু এত মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও সেই গণভোটের রায় বিএনপি মানতে চায় না। বিএনপি ভোট মানে, কিন্তু গণভোট মানে না।”
তিনি আরও বলেন, জনগণ বর্তমান সরকারকে যেমন ভোট দিয়েছে, তেমনি সংস্কারের পক্ষেও মত দিয়েছে। “সরকার গঠনের ভোট যদি বৈধ হয়, তাহলে সংস্কারের ভোট কেন অবৈধ হবে—এই প্রশ্ন এখন মানুষের মধ্যে তৈরি হয়েছে,” বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আখতার হোসেন অভিযোগ করেন, রাষ্ট্র ও প্রশাসনকে একদলীয় করার চক্রান্ত চলছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের কথা বলা হলেও এখন তা বিলম্বিত করা হচ্ছে।
সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সীমান্তে পুশইন এবং সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের সীমান্তকে অরক্ষিত করার যেকোনো প্রচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।












