Home সারাদেশ নাটোরে ২৪ ঘণ্টায় দুই সন্তানের রহস্যজনক মৃত্যু, বাবাও আশঙ্কাজনক

নাটোরে ২৪ ঘণ্টায় দুই সন্তানের রহস্যজনক মৃত্যু, বাবাও আশঙ্কাজনক

0
4
নাটোরে ২৪ ঘণ্টায় দুই সন্তানের রহস্যজনক মৃত্যু, বাবাও আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

নাটোরের লালপুর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর তাদের বাবা মরজেম আলীও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত দুই শিশু হলো—তুহিন (৮) ও তার ছোট ভাই তুষার (৪)। তারা উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামের বাসিন্দা মরজেম আলীর সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত ১৩ জুলাই মরজেম আলীর স্ত্রী তুলি বেগম বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে মরজেম আলী দুই সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করছিলেন।

গত ১৬ জুলাই রাতে বড় ছেলে তুহিন কলা ও চিড়া এবং মরজেম আলী ও ছোট ছেলে তুষার আলুভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ৩টার দিকে তুহিন হঠাৎ বমি করতে শুরু করলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেদিনই তার দাফন সম্পন্ন হয়।

বড় ছেলের দাফনের দিনই দুপুরে ছোট ছেলে তুষারও অসুস্থ হয়ে পড়ে। বমি ও অচেতনতার উপসর্গ দেখা দিলে তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকালে তার মৃত্যু হয়।

ছোট ছেলের মরদেহ বাড়িতে আনার কিছুক্ষণ পরই বাবা মরজেম আলীও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নাটোর সদর হাসপাতাল এবং সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “২৪ ঘণ্টার মধ্যে একই পরিবারের দুই শিশুর মৃত্যু এবং পরে তাদের বাবার অসুস্থ হয়ে পড়ার ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ছোট ছেলে তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here