আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইরানের উপসাগরীয় আরব দেশগুলো এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে (কেআরআই) চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটির মতে, এসব হামলা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত করা, আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার ঝুঁকি তৈরি করছে।
শনিবার এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি হামলাকে “অপরাধমূলক ও বেপরোয়া” বলে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতে ইরানের ক্রমবর্ধমান হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, এ ধরনের আগ্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাবিল ফাহমি বলেন, “যেকোনো আরব দেশের ওপর হামলা পুরো আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপর হামলার শামিল।”
তিনি ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করা, সমুদ্রপথের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি থেকে বিরত থাকা এবং আলোচনার টেবিলে ফিরে এসে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।
এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তু হয়।
তবে এ হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান। এর আগে ইরান একাধিকবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়েছিল।










