Home জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে, বিপুল অর্থ পাচার হয়েছে: মির্জা ফখরুল

অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে, বিপুল অর্থ পাচার হয়েছে: মির্জা ফখরুল

0
4
অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে, বিপুল অর্থ পাচার হয়েছে: মির্জা ফখরুল

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। ভঙ্গুর অর্থনীতির ওপর দায়িত্ব নিলেও সরকার ভালোভাবে কাজ শুরু করেছে এবং অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ মেরিটাইম একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি অতীতে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতার প্রমাণ দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি বিভিন্ন সংকট মোকাবিলা করেছে। বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রেখে অর্থনীতি পুনরুদ্ধারে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি দেশের সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনা কাজে লাগাতে মেরিন পেশাজীবীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। মির্জা ফখরুল বলেন, মেরিনার্সসহ বিভিন্ন খাতের পেশাজীবীরা সহযোগিতা করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

এর আগে দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী।

সেখানে তিনি বলেন, বিশ্বে চীনের ব্যবসায়িক অগ্রযাত্রায় বাংলাদেশ পাশে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক আরও সুসংহত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করছে। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here