স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন দাবি করেছেন, সাবেক সরকারের আমলে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের নামে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। তার অভিযোগ, সে সময় এ খাতে প্রায় ১৪০ কোটি টাকা লেনদেন করা হয়।
রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, “২০২২ সালে সরকার বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে। ওই সময় রাষ্ট্রের ১৪০ কোটি টাকার লেনদেন হয়েছে তমা কনস্ট্রাকশনের নামে।”
তিনি আরও বলেন, এবার বিশ্বকাপ সম্প্রচারের ব্যয় ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। ব্যয় আরও কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা আশা করছি, সরকারের কোনো ব্যয়ই হবে না।”
সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












