ন্যাশনাল ডেস্ক | বিডি ভিউজ বাংলা
বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত তিনটি ইউনিয়নের নতুন নাম ঘোষণা করেছে জেলা প্রশাসন। গণশুনানির ভিত্তিতে নির্ধারিত এসব নাম এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নামগুলো কার্যকর হবে।
রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় নামগুলো অনুমোদন দিয়ে প্রস্তাব (রেজুলেশন) পাস করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের ঘোষণায়—
- মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম বেতগাড়ী ইউনিয়ন
- সীমান্ত ইউনিয়নের নতুন নাম জগন্নাথপুর ইউনিয়ন
- দিগন্ত ইউনিয়নের নতুন নাম রহবল ইউনিয়ন
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, অনুমোদিত প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে গত ১৪ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। সেগুলোর নাম ছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।
তবে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত নামগুলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং তাঁর পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপিত হয়।
বিতর্কের পর স্থানীয় প্রশাসন নতুন করে গণশুনানির আয়োজন করে। সেই গণশুনানির ভিত্তিতেই তিনটি ইউনিয়নের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে।










