Home সর্বশেষ সংবাদ সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুই ফ্ল্যাটে দুদকের অভিযান, মিলল বিলাসবহুল সামগ্রী

সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুই ফ্ল্যাটে দুদকের অভিযান, মিলল বিলাসবহুল সামগ্রী

0
5
সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে ২০ লাখ টাকার রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড, বিলাসবহুল গাড়ির চাবি

স্টাফ রিপোর্টার | BD Views Bangla

আদালতের নির্দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার পরিচালিত এ অভিযানে ফ্ল্যাট দুটি থেকে বিলাসবহুল গাড়ির চাবি, রোলেক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের দামি ঘড়ির প্যাকেট, ওয়ারেন্টি কার্ড, বিপুল পরিমাণ পোশাক এবং মূল্যবান আসবাবপত্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দুদক।

দুদকের তথ্য অনুযায়ী, ফ্ল্যাট দুটি থেকে পাঁচটি বিলাসবহুল গাড়ির চাবি, রোলেক্সসহ আটটি দামি ঘড়ির খালি প্যাকেট ও ওয়ারেন্টি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩০০–এর বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ১০০–এর বেশি কামিজ, তিন সেট মুক্তার গয়না এবং চারটি ঝাড়বাতি, খাট ও সোফাসহ বিভিন্ন আসবাবপত্রের তালিকা করা হয়েছে।

দুদকের উপপরিচালক ও তল্লাশি দলের প্রধান মো. মশিউর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করে মালামাল ও নথিপত্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা তৈরির কাজ সোমবারও চলবে। কাজ শেষে জব্দকৃত সম্পদের বিস্তারিত আদালতে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর আদালত সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন। পরবর্তীতে তালাবদ্ধ ফ্ল্যাটে প্রবেশ ও মালামালের তালিকা তৈরির জন্য আদালত দুদককে অনুমতি দিলে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর পূর্ববর্তী এক প্রতিবেদনে দাবি করা হয়, সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে তিন শতাধিক সম্পত্তির সন্ধান পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here