নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। ওই রায়ের একটি সত্যায়িত কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো অনুরোধপত্রে ট্রাইব্যুনালের রায় কার্যকরের স্বার্থে আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।










