আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, হরমুজ প্রণালিকে কৌশলগত দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। একই সঙ্গে বিশ্বব্যাপী নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় রোববার ফিলিপাইন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এটা স্পষ্ট যে ইরান এই প্রণালি নিয়ন্ত্রণ করতে চায় এবং এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।”
মার্কো রুবিও আরও বলেন, “বিশ্বব্যাপী নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যা যা করা প্রয়োজন, তা করবে এবং করে যাবে।”
এ সময় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভাগ করে নিতে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তার ভাষায়, “যুক্তরাষ্ট্র তার দায়িত্ব পালন করবে। তবে অন্যান্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে এবং এই দায়িত্ব পালনে প্রয়োজনীয় সরঞ্জাম বা আর্থিক সহায়তা দিতে হবে।”
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ অঞ্চলে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এদিকে হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: আল জাজিরা










