ন্যাশনাল ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ভারতীয় উজানের ঢল ও টানা ভারি বৃষ্টির কারণে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে সোমবার সকাল ৯টায় নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল ৫২ দশমিক ১০ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। একই দিন সকাল ৬টাতেও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তা নদীর পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত পানি দ্রুত নিচের দিকে প্রবাহিত হতে পারে।
স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।










