নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬
লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলীর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, জামায়াত নেতা আফাছ উদ্দিনকে মারধরের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে আটক করার পর কোনো মামলা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মোড় এলাকায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন জামায়াতের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্ধা বাজারে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতা আফাছ উদ্দিন ও একই ইউনিয়নের বিএনপির সদস্য সচিব এবং ইউপি সদস্য আশরাফ উদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আফাছ উদ্দিন আহত হন। পরে স্থানীয় জনতা আশরাফ উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে হাতীবান্ধা থানার ওসি রমজান আলী ঘটনাস্থলে গিয়ে আশরাফ উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে গভীর রাতে কোনো মামলা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে জামায়াত।
হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম বলেন, নামাজে যাওয়ার পথে আফাছ উদ্দিনকে আশরাফ উদ্দিন ও তার সহযোগীরা মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসিকে সহযোগিতা করার পরও অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়নি। বরং মামলা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ওসির এ ধরনের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।”
বিক্ষোভে হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: স্থানীয় সূত্র ও গণমাধ্যম










