Home আন্তর্জাতিক মার্কিন সেনা হত্যায় ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

মার্কিন সেনা হত্যায় ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

0
2
মার্কিন সেনা হত্যায় ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | BD VIEWS BANGLA
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬

মার্কিন সেনাসদস্যদের হত্যার জন্য ইরানকে “বহুগুণ মূল্য” দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে একাধিক মার্কিন সেনা নিহত হওয়ার পর সোমবার (২১ জুলাই) তিনি এ মন্তব্য করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, “যতবারই ইরান আমেরিকান সেনাদের হত্যা করবে, ততবারই তাদের চড়া মূল্য দিতে হবে।”

তিনি জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে জর্ডানে ইরান-সমর্থিত হামলায় দুজন নিহত হন। এছাড়া আরও একজন সেনার মৃত্যুর বিষয়টি তদন্তাধীন রয়েছে। এর আগে মার্চ মাসে কুয়েতের পোর্ট শুয়াইবায় ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন। এ সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪৩০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, নিহত সেনাদের মরদেহ গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্প ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্স বেসে যাবেন।

এদিকে রয়টার্স জানিয়েছে, জর্ডানে হামলার আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার মোতায়েন শুরু করেছিল। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতের বৃহৎ সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবেই ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে ওয়াশিংটন।

অন্যদিকে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জো কেন্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত মার্কিন সেনাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।

এর আগে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু, খার্গ দ্বীপের তেল স্থাপনা এবং ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। সর্বশেষ বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: Reuters, Truth Social, White House

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here